ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’ মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ইতোমধ্যে সিনেমাটির আয় প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। বাংলাদেশেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টির বেশি প্রদর্শনী চলছে এবং মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় দুই কোটি টাকা আয় করেছে সিনেমাটি।
গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত ছবিতে ইথাকার রাজা ওডেসিয়াসের দীর্ঘ ঘরে ফেরার কাহিনি তুলে ধরেছেন নোলান। চরিত্রটিকে আরও মানবিক ও আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে।
ছবিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং তেলেমাকাস চরিত্রে টম হল্যান্ড। আরও রয়েছেন রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গো।
প্রায় তিন ঘণ্টার সিনেমাটিতে বর্তমান, অতীত ও স্মৃতির বিভিন্ন স্তর মিলিয়ে গল্প এগিয়েছে। কারিগরি দিক থেকেও এটি আলোচনায় এসেছে। পুরো সিনেমাটি সত্তর মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধ, সংগ্রাম ও পৌরাণিক অভিযানের পাশাপাশি দীর্ঘ বিচ্ছেদের পর ঘরে ফেরার আকাঙ্ক্ষা, অনুশোচনা ও আত্মঅন্বেষণই সিনেমাটির মূল বিষয়।