বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের পর একাকিত্ব ও হতাশায় চাঁপাইনবাবগঞ্জে ২০ বছরের এক তরুণ পানির গভীর কূপে ঝাঁপ দেন। পরে ফায়ার সার্ভিস তাকে ৩০ ফুট গভীরতা থেকে জীবিত উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় পানির গভীর কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২১ সেপ্টেম্বর) ২০ বছর বয়সী ওই তরুণ কূপে ঝাঁপ দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণটির বাবা ও মা দুজনেই দ্বিতীয় বিয়ে করার পর তিনি একাকিত্বের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কখনো মামার বাড়ি, কখনো মায়ের বাড়ি আবার কখনো বাবার বাড়িতে থাকতেন। দীর্ঘদিনের মানসিক চাপ ও হতাশার একপর্যায়ে তিনি কূপে ঝাঁপ দেন বলে জানা গেছে।
খুলনায় হোটেল কক্ষে যুবকের মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে প্রায় ৩০ ফুট গভীর কূপ থেকে তরুণটিকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তার মা এসে তাকে নিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা জানান, পারিবারিক পরিস্থিতির কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া ব্যক্তিদের প্রতি পরিবারের সহযোগিতা ও নজরদারি প্রয়োজন।