সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের চানপুর গ্রামে পৈতৃক ভিটায় জায়গা না পাওয়ার অভিযোগে আশ্রয়হীন হয়ে পড়া প্রবাসফেরত শামস উদ্দিন (বৃদ্ধ) মারা গেছেন। বুধবার সকালে অন্যের বাড়ির বারান্দায় ও পরে আশ্রয় দেওয়া ঘরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে শামস উদ্দিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় নিজ জন্মভিটায় ফিরতে চাইলে ভাইদের সঙ্গে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ করেন তার সন্তানরা। তাদের দাবি, বাবার নামে থাকা রেকর্ডীয় জমি ভাইরা দখলে রেখেছেন এবং ভিটায় যেতে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। তবে শামস উদ্দিনের ভাইদের দাবি, তারা নিজেদের অর্থ খরচ করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন এবং সেই কারণে সম্পত্তির বিষয়ে তাদের ভিন্ন মত রয়েছে।
নিজ ভিটায় আশ্রয় না পেয়ে শামস উদ্দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। পরে চানপুর গ্রামের প্রবাসী আলম তাকে নিজের নির্মাণাধীন ঘরে থাকার ব্যবস্থা করে দেন। আলম জানান, অসুস্থ অবস্থায় শামস উদ্দিন আশ্রয় চাইলে মানবিক কারণে তাকে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। এদিকে শামস উদ্দিনের মৃ/ত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, সম্পত্তি বিরোধের সমাধান আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত এবং কোনো অসুস্থ মানুষ যেন মানবিক সংকটে না পড়েন।