রাজধানীর আদাবর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চাপা/তিসহ ছয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে চারটি চাপা/তি জব্দ করা হয়েছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধেই থানায় পূর্ব থেকে মামলা রয়েছে।
শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি চাপা/তি। গ্রেপ্তার এই পাঁচজন হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিম (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, এদের মধ্যে মিরাজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে সাতটি মামলা। পুলিশ জানায়, এই চক্রটি আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপা/তির ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করত, পাশাপাশি বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গেও তারা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে চালানো আরেকটি পৃথক অভিযানে হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’ (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দশটি মামলার এজাহারে নাম রয়েছে এবং তার নামে জারি আছে দুটি গ্রেপ্তারি পরোয়ানা। তার কাছ থেকেও একটি চাপা/তি জব্দ করা হয়েছে।