ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালিতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থানের সময় একদল ব্যক্তি তাঁকে ঘিরে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাঁধনকে ঘিরে কয়েকজনকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায় এবং এ সময় তাঁর সঙ্গে থাকা শিশুটির কান্নাও শোনা যায়।
যশোরে প্রবাসী স্বামীকে বশীকরণ করতে গিয়ে টাকা স্বর্ণালঙ্কার খোয়ালো গৃহবধু
ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন অভিযোগ করেন, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি শরীরে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং তাঁর মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। হামলাকারীদের কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন বাঁধন। তবে অভিযোগে যাদের কথা বলা হয়েছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি এবং ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বিশেষ করে ঘটনাস্থলে থাকা শিশুটির কান্নার প্রসঙ্গ তুলে তিনি ফেসবুকে লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু*ত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’ বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আরও অনেকে। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে বাঁধনের ভূমিকার কারণেই ঘটনাটি ঘটেছে বলে সামাজিক মাধ্যমে যে ধারণা প্রকাশ করা হচ্ছে, তার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।