দায়িত্বে অবহেলার অভিযোগে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ, তবে এখনো জবাব দেননি ওই অফিস সহকারী।
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আতোয়ার রহমানের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে না আসা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ এবং গরুর হাটে ব্যবসা করার অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি এখনো কোনো জবাব দেননি।
আরো পড়ুন : পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে দুইজন
বিদ্যালয় সূত্রে জানা যায়, আতোয়ার রহমান ২০২২ সালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। তবে অভিযোগ রয়েছে, ২০২৫ সালের জুন মাসের পর থেকে তার উপস্থিতি আরও অনিয়মিত হয়ে পড়ে। বিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করেন, তিনি অনেক সময় স্কুলে এলেও এক থেকে দুই ঘণ্টার মধ্যে অনুমতি ছাড়া চলে যান। পঞ্চগড়ে গরুর হাট বসার দিনগুলোতে তিনি বিদ্যালয়ের দায়িত্ব বাদ দিয়ে ব্যবসার কাজে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
আরো পড়ুন : নোয়াখালীতে ব্যাপক হার বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই: নিরাপত্তাহীনতার আবর্তে জনজীবন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল হোসেন জানান, দায়িত্বে অবহেলা ও অনিয়মিত উপস্থিতির বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। জবাব না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এদিকে অভিযুক্ত আতোয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে গরুর হাটে আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।