ইউক্রেনে রুশ অ্যানিমেটেড সিরিজ ‘মাশা অ্যান্ড দ্য বিয়ার’-এর তিনটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ভিডিও প্ল্যাটফর্মটি। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো রুশ, ইউক্রেনীয় ও ইংরেজি ভাষার সংস্করণ। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের (NSDC) অধীন সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন ফেসবুকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে ইউক্রিনফর্ম।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডিক্রির মাধ্যমে কার্যকর হওয়া NSDC-এর নিষেধাজ্ঞার তালিকায় তিনটি চ্যানেলই অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের ফলে দেশটির শিশুদের কাছে ওই কনটেন্টের প্রবেশাধিকার সীমিত হবে এবং রাশিয়ার আয় ও হাইব্রিড প্রভাব বিস্তারের আরেকটি মাধ্যম বন্ধ হবে।
এর আগে ইউক্রিনফর্ম জানিয়েছিল, অ্যানিমেশন স্টুডিও অ্যানিমাকর্ড ‘মাশা অ্যান্ড দ্য বিয়ার’-এর ইউক্রেনীয় ভাষার সংস্করণ পরিচালনা করত, যার ইউটিউব ভিউ থেকে অর্জিত আয় রাশিয়ায় যেত। গত আগস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান, রুসাল গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি, সহযোগী ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ‘মাশা অ্যান্ড দ্য বিয়ার’ অ্যানিমেশন সিরিজের লেখক ও পরিবেশকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য চারটি ডিক্রিতে স্বাক্ষর করেন।