পাসপোর্ট সেবায় হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের মাধ্যমে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
২০ টাকা লিটার বাড়তেই বদলে গেল পরিবহন খরচ, বিপাকে আমদানিকারকরা
এ ছাড়া পাসপোর্ট আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও রয়েছে বলে জানায় দুদক।
অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া এবং অর্থের বিনিময়ে কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অভিযান চালানো হয়েছে।
জামালপুর দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম জানান, অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। রেজিস্টারপত্র ও সংশ্লিষ্ট নথি পরীক্ষা করে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।