অনলাইন পেজ থেকে শাড়ি নেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অভিনেত্রীকে আদালতে হাজিরের নির্দেশ।
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৩ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তিনি আগে সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি তাঁকে উপহার দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, আইনি নোটিশ পাঠিয়েও সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীপক্ষের দাবি, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে। এ বিষয়ে তানজিন তিশার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।