লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাশিম খানের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার পাশাপাশি সাক্ষাৎকার দেখানো হলে দ্বিতীয় সেশনে দল মাঠে না ফেরার বিষয়টিও বিবেচনা করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টস ধারাভাষ্যকার মাইকেল আথারটনের নেওয়া ১৮ মিনিটের সাক্ষাৎকারে দুই ভাই কারাবন্দী বাবার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পিসিবির আপত্তির পর স্কাই কিছুটা বিলম্ব করলেও বৃহস্পতিবার লাঞ্চের বিরতিতে সাক্ষাৎকারটি সম্প্রচার করে। পাকিস্তানে সিরিজ সম্প্রচারকারী পিটিভি অবশ্য ওই অংশ দেখায়নি।
সাক্ষাৎকার প্রচারের পরও পাকিস্তান শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে দ্বিতীয় সেশনে মাঠে ফেরে এবং খেলা অব্যাহত থাকে। ইমরানের চিকিৎসা নিয়েও আন্তর্জাতিক ক্রিকেট মহলে উদ্বেগ রয়েছে। সম্প্রতি আথারটনসহ ২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তান সরকার ইমরানের সঙ্গে দুর্ব্যবহার বা চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।