পঞ্চগড়ের দেবীগঞ্জে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ কৃষিজমি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই আনতে যান। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান জানান, সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে তাকে জানালে তিনি সকাল ৮টার দিকে থানায় খবর দেন।
পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় হাছিনা বেগমের মৃ/ত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নেত্রকোনার মোহনগঞ্জে দুলাভাইয়ের খপ্পরে পড়ে শালীর সর্বনাশ…
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।