সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
স্থানীয় সময় ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, এলাকাটি ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির মুখে’ রয়েছে এবং সবাইকে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তা পাওয়ার পর আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের সাংবাদিকরা রিয়াদের ওলায়া (Olaya) এলাকাসহ বিভিন্ন স্থান থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
বিস্ফোরণের প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, আকাশপথের বিপদ কেটে গেছে। পরে বিশেষ সতর্কতাও প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিয়াদের পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর আল-খার্জেও নিরাপত্তার স্বার্থে সতর্কবার্তা জারি করা হয়েছিল।
আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৎপরতার সম্পর্ক থাকার বিষয়টি আলোচনায় এসেছে। হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদির সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম, এরপর আর ফেরেনি
বর্তমানে রিয়াদে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।