ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে তিনটি থিম পার্ক নির্মাণে ৬০০ কোটি ইউরো বা প্রায় ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। এ লক্ষ্যে সোমবার ফ্রান্স ও সৌদি আরব একটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই দিনের ফ্রান্স সফরের সময় এ চুক্তি হয়। প্যারিসের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেরজি-পন্তোয়াজের কাছে পার্ক তিনটি নির্মাণ করা হবে। এর মধ্যে একটি মাঙ্গা থিমের হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই উদ্যোগকে ‘নজিরবিহীন ঘোষণা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি একটি ‘নতুন বৈশ্বিক গন্তব্য’ হয়ে উঠবে।
প্রকল্পটির নেতৃত্ব দেবে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সহযোগী বিনিয়োগ প্রতিষ্ঠান কিদ্দিয়া। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের হিসাবে, প্রকল্পটি প্রায় ২২ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করবে। তুলনায় ডিজনিল্যান্ড প্যারিসে প্রায় ২০ হাজার কর্মসংস্থান হয়েছে।
মাখোঁর এক উপদেষ্টা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াদে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের আলোচনার সূত্র ধরে প্রকল্পটির পরিকল্পনা শুরু হয়। সেখানে তারা মাঙ্গা, বিশেষ করে ‘ড্রাগন বল জেড’-এর প্রতি দুজনের আগ্রহের বিষয়টি জানতে পারেন। অন্য দুটি পার্কের থিম এখনো প্রকাশ করা হয়নি। এলিসি জানিয়েছে, কয়েক বছর ধরে পর্যায়ক্রমে এগুলো নির্মাণ ও চালু করা হবে। তবে উদ্বোধনের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।