নারায়ণগঞ্জের রূপগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ী ইউ শ্যালির গাড়ি থেকে ব্যাগভর্তি প্রায় এক কোটি টাকা নিয়ে চালক জাহিদ হাসান পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) রূপগঞ্জ থানায় মামলা করেছেন গাজীপুরের ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম।
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি
মামলার তথ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউ শ্যালির গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামান তিনি। পরে ব্যবসায়ী খাবার খেতে গেলে চালক গাড়ি নিয়ে গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে ইউ শ্যালির মোবাইলে একটি বার্তা পাঠান জাহিদ হাসান, যেখানে তিনি দুঃখ প্রকাশ করে গাড়ি পার্কিংয়ে রেখে যাওয়ার কথা জানান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই বার্তার ভিত্তিতে গাড়িটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।