স্বামীকে ‘বশীকরণ’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরের এক নারীর কাছ থেকে ৭০ হাজার টাকা ও ২ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) যশোর সদর আমলি আদালতে মামলাটি করেন ভুক্তভোগী নারী। তাঁর স্বামী প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। মামলার অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
পাবনায় ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, ওই নারীর সঙ্গে তাঁর প্রবাসী স্বামীর নিয়মিত যোগাযোগ না থাকার সুযোগ নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিজের ‘অলৌকিক ক্ষমতা’ থাকার দাবি করেন। ঝাড়ফুঁক ও তদবিরের মাধ্যমে তাঁর স্বামীকে বশে আনা সম্ভব বলে আশ্বাস দেন তিনি। এ জন্য প্রথমে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দাবি করা হয়। পাশাপাশি কাজের প্রয়োজনে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে কাজ শেষে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, এসব কথায় বিশ্বাস করে ওই নারী দুই দফায় বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা এবং কুরিয়ারে ২ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার পাঠান। পরে পারিশ্রমিক হিসেবে আরও ৩০ হাজার টাকা দেন।
কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধারের দাবি
অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রতিশ্রুত ফল না পাওয়ায় ওই নারী টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চান। গত ৩০ আগস্ট তিনি সেগুলো ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে গালিগালাজ ও হুমকি দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। অভিযোগগুলোর সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।