হবিগঞ্জের মাধবপুরে সড়কে কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. পাভেল খন্দকার নামে এক যুবক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর-ছাতিয়াইন সড়কে টাকাভর্তি ব্যাগটি কুড়িয়ে পান তিনি। পরে প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের নাঈমের হাতে পুরো অর্থ তুলে দেন পাভেল। তিনি মাধবপুরের শিমুলঘর গ্রামের মো. নুর আউয়াল খন্দকারের ছেলে।
জানা গেছে, নাঈম সিলেটের কুলাউড়ায় তাঁর ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অসাবধানতাবশত টাকার ব্যাগটি হারিয়ে ফেলেন। কিছুদূর যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে একই সড়ক ধরে ফিরে এসে খোঁজ শুরু করেন তিনি। এদিকে ব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর পাভেল ছাতিয়াইন সিএনজি স্ট্যান্ডে গিয়ে স্থানীয়দের বিষয়টি জানান। প্রকৃত মালিক যেন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য নিজের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও সেখানে দিয়ে আসেন।
পাংশায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
পরে নাঈম ছাতিয়াইন সিএনজি স্ট্যান্ডে গিয়ে ব্যাগ হারানোর কথা জানালে স্থানীয়দের মাধ্যমে পাভেলের সন্ধান পান। এরপর শিমুলঘরে গিয়ে ব্যাগটির মালিকানা সম্পর্কিত প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন তিনি। যাচাই শেষে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সাড়ে চার লাখ টাকা নাঈমের হাতে তুলে দেন পাভেল। বিপুল পরিমাণ অর্থ পেয়েও তা নিজের কাছে না রেখে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ায় পাভেলের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।