হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৩ লাখ টাকার বৃত্তি পেয়েছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে চার বছর পড়াশোনার জন্য তাকে ৬০ হাজার মার্কিন ডলারের এই বৃত্তি দেওয়া হয়েছে। এর আওতায় প্রতি বছর তিনি ১৫ হাজার ডলার করে পাবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জেমি শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পাস করেন। এরপর শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুলে অংশ নেন। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এই কর্মসূচি তার জন্য চ্যালেঞ্জিং হলেও পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলভাবে শেষ করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান তিনি।
জেমির বাবা আফজল আলী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া জেমি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি নিজেকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও এমন সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করতে চান। কলেজ কর্তৃপক্ষ বলছে, জেমির সাফল্য প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ।