পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের তৃতীয় তলার নবজাতক ওয়ার্ডে আগুন লাগে। হাসপাতাল ও প্রশাসনের তথ্য অনুযায়ী, ওয়ার্ডটিতে অন্তত ১৫ নবজাতক ছিল এবং একজন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কর্মকর্তাদের প্রাথমিক তথ্যে, স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে নার্সারির একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। তবে পিআইএমএসের একজন মুখপাত্র প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথাও জানিয়েছেন। ইসলামাবাদ প্রশাসন জানায়, ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযানে অংশ নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শিশুদের প্রাণহানিকে ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও ঘটনায় শোক প্রকাশ করেছেন। অগ্নিকাণ্ডের কারণ, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।