কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল আহমেদের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়। তিনি জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কাতারে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পরিবারের
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লুসাইল থেকে দোহায় ফেরার পথে বাবুল আহমেদের গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তিনি গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সমস্যাটি পরীক্ষা করছিলেন।
এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়া গাড়িটির চালক একজন মিশরীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাবুল আহমেদের মরদেহ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বাবুল আহমেদের বড় ছেলেও বর্তমানে কাতার প্রবাসী বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুর খবরে কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।