আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সংবাদমাধ্যমের সামনেই তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের আলোচনা ভিত্তিহীন।
মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর মিক্সড জোনে সোফি মার্তিনেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। সৌজন্যসূচক সেই মুহূর্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়ায়। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে মেসি বলেন, তিনি তাকালেও মানুষ প্রশ্ন তোলে, আবার শুভেচ্ছা জানালেও প্রশ্ন তোলে।
মেসির মন্তব্যের পর সোফি মার্তিনেসও গুঞ্জনটি নাকচ করেন। তিনি জানান, এসব আলোচনা সম্পূর্ণ মিথ্যা। একই সঙ্গে প্রকাশ্যে বিষয়টি পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান তিনি। এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়ানোর পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাঁকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
মেসি ও সোফিকে ঘিরে আলোচনার শুরু ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে সোফির আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে। তবে এবার মেসি ও সোফি দুজনই পরিষ্কার করেছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।