সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মস্থলে কেমিক্যাল গ্যাসে আক্রান্ত এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে মো. আব্দুল্লাহ (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই ঘটনায় আব্দুল্লাহসহ চারজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর এসেছে।
নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের তৃতীয় ছেলে। পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় সাত বছর ধরে তিনি সৌদি আরবের রিয়াদে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।
শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী আটক
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ রিয়াদের ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কর্মরত ছিলেন। সাত বছরের মধ্যে তিনি দুইবার ছুটিতে দেশে এসেছিলেন। সর্বশেষ প্রায় এক মাস আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।
নিহতের বড় ভাই মো. আসাদুজ্জামানের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এক সহকর্মী গুরুতরভাবে আক্রান্ত হলে আব্দুল্লাহ তাকে উদ্ধারে এগিয়ে যান।
পরিবারের দাবি, সহকর্মীকে উদ্ধারের সময় আব্দুল্লাহ নিজেও বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরও তিন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে তারা খবর পান।
আব্দুল্লাহর বড় ভাই মো. আসাদুজ্জামান বলেন, তার ভাই বিপদে পড়া সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। সেই সময় নিজেও কেমিক্যালের সংস্পর্শে আক্রান্ত হন।
আব্দুল্লাহর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাদের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। স্ত্রী, সন্তান ও মা-বাবার ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি প্রবাসে কাজ করছিলেন বলে জানিয়েছে পরিবার।
আব্দুল্লাহর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোক নেমে এসেছে। রিয়াদে অবস্থানরত পরিচিত প্রবাসী বাংলাদেশিরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শোকার্ত পরিবার আব্দুল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে।