ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া দুই কিশোরী কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসা দুজন হলেন নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।
দিনাজপুরে প্রকাশ্যে নারীর চেইন ছিনতাই, ডিবির অভিযানে গ্রেফতার ২
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ‘ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়।’
তিনি আরও বলেন, ‘পরে আদালতের মাধ্যমে তাদের বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে রাখা হয়। দুই বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছে।’
দেশে ফেরার পর দুই কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করেছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই কিশোরীকে প্রথমে সংস্থাটির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।