শাহজীবাজার–গ্যাসফিল্ড পুরাতন সড়কে যানবাহন ও পথচারীদের দুর্ভোগ কমায় খুশি স্থানীয়রা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার থেকে গ্যাসফিল্ড পুরাতন সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে থাকা ভাঙা অংশ ও বড় বড় গর্ত ভরাট করেছে বাদশা কোম্পানি কর্তৃপক্ষ। জনসাধারণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে এ কাজ করেছে।
আরো পড়ুন: প্রিয় শিক্ষককে বদলি, প্রতিবাদে নতুন কর্মস্থলে ছুটল শিক্ষার্থীদের মিছিল
স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় এসব স্থানে দুর্ঘটনার আশঙ্কা বাড়ত। বাদশা কোম্পানির উদ্যোগে মাটি দিয়ে গর্তগুলো ভরাট করার পর সড়কটি আগের তুলনায় চলাচলের উপযোগী হয়েছে বলে জানিয়েছেন তারা।
এলাকাবাসী জনস্বার্থে এমন উদ্যোগের প্রশংসা করে বাদশা কোম্পানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও স্থানীয় মানুষের সুবিধার্থে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।