বিশেষ অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে ইসরাইলি নাগরিকদের তাৎক্ষণিক বহিষ্কারের কঠোর বার্তা দিল মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ১৫ জুলাই রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এ কারণে বিশেষ সরকারি অনুমতি ছাড়া ইসরাইলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ। সাম্প্রতিক অভিযোগে উঠে এসেছে, কয়েকজন ইসরাইলি নাগরিক অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জোহর রাজ্যের ‘ফরেস্ট সিটি’ এলাকায় অবস্থিত ‘নেটওয়ার্ক স্কুল’ নামে একটি বেসরকারি আবাসিক কমিউনিটি। সেখানে একজন ইসরাইলি নাগরিকের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে অভিবাসন বিভাগ ফরেস্ট সিটির আন্তর্জাতিক কমিউনিটিতে অভিযান চালিয়ে ২৬৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করেছে। প্রাথমিকভাবে সবার কাছেই বৈধ অভিবাসন নথি পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা মিললে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী জড়িত ইসরাইলি নাগরিকদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে। সরকারের ভাষ্য, দেশের অভিবাসন আইন এবং রাষ্ট্রের নীতিগত অবস্থান বাস্তবায়নে ‘শূন্য সহনশীলতা’ নীতিতেই এগোচ্ছে মালয়েশিয়া।