প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগ নেতাদের প্রার্থিতা নিয়ে সরকারের বার্তা দিলেন প্রতিমন্ত্রী
বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমান বিমসটেক (BIMSTEC) চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে সেই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, যে প্রক্রিয়ায় বা যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে ঢাকা সন্তুষ্ট নয়। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে সম্মেলনে বাংলাদেশের অন্য কোনো প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক কোনো বহুপাক্ষিক মঞ্চে করতে চায় না বাংলাদেশ। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ অনুকূল ও ইতিবাচক হলে প্রধানমন্ত্রী সরাসরি দ্বিপাক্ষিক সফরে ভারত যাবেন।
সম্ভাব্য ওই দ্বিপাক্ষিক সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।