গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, এরপরই তিনি এই সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান। এর ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি সফিপুর এলাকার আরেকটি ভূমি অফিস পরিদর্শনে যান।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।







