নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন ও এসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স ২১ জুলাই ২০২৬ তারিখ ভোর আনুমানিক পৌনে সাতটার দিকে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকার একটি বসতবাড়ির নিচতলার কক্ষ থেকে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পশ্চিম মাসদাইরের বাসিন্দা মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) ও শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার মো. রাকিবুল ইসলাম অপুকে (২৫) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য যাচাইয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।