দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে কিছু মহল নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। তিনি জানান, পরীক্ষার্থীরা তাঁদের দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে।
পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি প্রশ্নে ভুল হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সঙ্গে ওই প্রশ্নগুলোর নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, প্রকৃত পরীক্ষার্থীদের মূল সমস্যার সমাধান হয়েছে; এরপরও কেউ আন্দোলন চালিয়ে গেলে তার পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে শিক্ষার্থীদের দুঃখ পাওয়ার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষামন্ত্রী সংসদে তাঁর বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন। যারা সরকারকে বিব্রত করতে চাইছে, তাদের বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কয়েকটি জেলায় ও ঢাকার কিছু স্থানে সীমিত সংখ্যক মানুষ এ নিয়ে কথা বলছে; তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।