কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মূলত দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানানো হয়েছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পায়। অন্তর্বর্তী সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই দুই ইস্যু নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে স্থায়ী শান্তি বা বড় ধরনের রাজনৈতিক সমঝোতার বিষয়ে দৃশ্যমান অগ্রগতির কোনো ঘোষণা আসেনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জুনে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী দিনগুলোতেও আলোচনা অব্যাহত থাকবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। তাঁর দাফন ৯ জুলাই হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেননি; কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৃথকভাবে আলোচনা হয়েছে।
এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা আরোপের বিষয়েও অগ্রগতি হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং সাম্প্রতিক বৈঠকগুলো ইতিবাচক হয়েছে।
তবে আলোচনায় উপস্থিত সূত্রগুলোর দাবি, দোহার বৈঠকে পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনায় আসেনি। বৈঠকটি মূলত কারিগরি বিষয়, বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ও ইরানের জব্দ অর্থ ছাড়ের মতো ইস্যুতে সীমাবদ্ধ ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, পারমাণবিক ইস্যু নিয়ে উদ্বেগ রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হবে।
ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মতপার্থক্য কমাতে কতটা অগ্রগতি হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষ বিস্তারিত কিছু জানায়নি।