টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামে নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। গত ২৯ জুন রাত ৮টার দিকে ইসপিনজারপুর ঈদগাহ মাঠসংলগ্ন কাবেলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। হামলায় মো. জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, আব্দুল মজিদ, আলাল মিয়া, জামিল হোসেন ও রিংকু মিয়া গুরুতর আহত হন।
আহতদের পরিবারের অভিযোগ, মসজিদ নির্মাণকাজ নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হায়দর আলী, মঞ্জুরুল ইসলাম রনি, আরিফ মিয়া, সম্রাট, অন্তর মিয়া, আব্দুল মজিদ ও রাঙ্গা মিয়াসহ ১৫ থেকে ২০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও রড দিয়ে আহতদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আহতদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের বড় ভাই মো. আলমগীর হোসেন বুধবার ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।