কারিগরি ত্রুটি ও কয়লা আনলোড জটিলতায় উৎপাদন বন্ধে দেশজুড়ে নতুন করে লোডশেডিংয়ের শঙ্কা বেড়েছে।
কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এর ফলে জাতীয় গ্রিড থেকে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেরিয়ে গেছে। এতে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে।
মন্ত্রী বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিক হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা আনলোড করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বন্ধ রয়েছে।
ইকবাল হাসান মাহমুদ পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট উত্তরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের চাপ কমে আসবে। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেই সংসদে বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি।