পাল্টা হা/লার পর যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের আশঙ্কা নতুন করে বাড়ল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। রোববার ২৮ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক জবাবের ইঙ্গিত দেন।
সংঘাতের সূত্রপাত হয় হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ ঘিরে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় বলে মার্কিন পক্ষ জানায়। পরে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী দাবি করে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র এতদিন সংযম দেখিয়েছে, কিন্তু ইরান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ওয়াশিংটন ‘কাজ শেষ করতে’ বাধ্য হবে। তাঁর এই বক্তব্যের পর দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্য জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক হামলা-পাল্টাহামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে। কুয়েত ও বাহরাইনে সতর্কতা জারি এবং ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবরের পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে।