রাশিয়ার সীমান্তবর্তী ও দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই রুশ ভূখণ্ডে রাতভর ড্রোন হামলার খবর দিয়েছে মস্কো। রাশিয়ার স্থানীয় প্রশাসনের দাবি, বেলগোরোদ, ব্রায়ানস্ক ও ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে কিয়েভ এসব পাল্টা হামলা চালিয়েছে বলে রুশ পক্ষ দাবি করছে।
বেলগোরোদের শেবেকিনস্কি জেলায় লক্ষ্যভিত্তিক ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় একটি আবাসিক ভবনের কয়েকটি বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ব্রায়ানস্কের সীমান্তবর্তী একটি গ্রামে ড্রোন সরাসরি একটি গাড়ির ওপর আঘাত হানলে ভেতরে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারেও বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের দাবি, সেখানে একটি তেল শোধনাগারে আগুন লাগে এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও একজনের মৃত্যু হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১২৪টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, রাজধানীর দিকে এগিয়ে আসা প্রায় ২৪টি ড্রোন মাঝআকাশে ধ্বংস করা হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন।