ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্বজনের দাফনে গ্রামে পরিবার, ফাঁকা বাসায় ঢুকে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) ও মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)। সিআইডি জানায়, চক্রটি ফেসবুক পেইজে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন রোগ ও সমস্যার সমাধানের আশ্বাস দিত। কেউ যোগাযোগ করলে কথিত চিকিৎসার কথা বলে তারা ভুক্তভোগীর বাসায় যেত এবং ঝাড়-ফুঁক ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করত।
তদন্তে সিআইডি জানতে পারে, চিকিৎসার অংশ হিসেবে বাসায় থাকা স্বর্ণালংকার একত্র করতে বলা হতো। পরে রুমালে রাখা স্বর্ণ পানিতে ডুবিয়ে নানা কৌশলে ভুক্তভোগীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে তা নিয়ে পালিয়ে যেত চক্রের সদস্যরা। অভিযানে জিয়াসমিনের কাছ থেকে একটি স্বর্ণের আংটি ও লকেটসহ একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে, যার ওজন ২১.৮৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। সিআইডি জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আত্মসাৎকৃত অবশিষ্ট স্বর্ণ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।