কক্সবাজারের রামু ও কলাতলী এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা ও জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চীনের এবং ১ জন তাইওয়ানের নাগরিক। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজারের একটি হোটেল ও রামুর একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবপুরে পারিবারিক ঘটনায় বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছেলে পলাতক
পুলিশ জানায়, অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া স্টারলিংক প্রযুক্তি, যোগাযোগ সরঞ্জাম ও কিছু নথিও জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা অনলাইন শেয়ারবাজার, অবৈধ জুয়া ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে। রিসোর্টের ভেতরে তৈরি করা কয়েকটি সাউন্ডপ্রুফ কক্ষ থেকে এসব কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।