রাজনৈতিক ঐকমত্য তৈরি করে প্রয়োজনে জামায়াত শিবিরের মতো সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলেও পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তার মতে, নির্বাচিত সরকারের এখন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি ১৯৭১ সালের ঘটনাবলির প্রসঙ্গ টেনে সংগঠনটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এবং উগ্র/বাদ ছড়িয়ে পড়লে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানান।
গণ অধিকার পরিষদের সভাপতি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াত শিবিরের কর্মকাণ্ডে দখলদারত্ব ও সহিং/সতার প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষমতার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। ধর্মীয় বক্তব্য ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার নিয়েও সমালোচনা করেন নুরুল হক। এসব বক্তব্য ও অভিযোগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার নিজস্ব দাবি ও অবস্থান।