সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরা হয়েছেন তিনি। সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে তাকে পবিত্র কুরআনের টানা ১৫ পারা হিফজের দক্ষতা প্রদর্শন করতে হয়। পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতাও যাচাই করেন আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি পৃথক শাখায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। জাকারিয়ার এই অর্জন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।