পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের বেতুয়ান গ্রামে একটি দুধ সংগ্রহ কেন্দ্রের পাশ থেকে ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধারের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে ‘সজীব’ নামের এক দুধ ম্যানেজারের সংগ্রহ কেন্দ্রের পাশে খোলা জায়গায় জেলি ও সয়াবিন তেল দেখতে পান এলাকাবাসী — যা দুধে ভেজাল মেশানোর কাজে ব্যবহৃত হয় বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। এদিকে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তা টের পেয়ে সরে পড়েন কেন্দ্রের ম্যানেজার সজীব।
ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের পর বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে জানানোর চেষ্টা করেন সংবাদকর্মীরা। কিন্তু অসুস্থতার কারণে রাতে তিনি ফোন ধরতে পারেননি, জবাব মেলেনি বার্তারও। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় সবার সামনেই কথিত ভেজাল উপকরণগুলো ঘটনাস্থলে ফেলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই ব্যবসায়ী জেলি, সয়াবিন তেলসহ ভেজাল-উপযোগী নানা উপকরণ সংগ্রহ করে কেন্দ্রের পাশে রাখছিলেন, যা রাতের আঁধারে দুধে মেশানো হতে পারে বলে তাদের সন্দেহ। এ নিয়ে উপজেলার সব দুধ সংগ্রহ কেন্দ্র ও ব্যবসায়ীদের কার্যক্রম প্রশাসনিক তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের।
অভিযুক্ত ম্যানেজার সজীবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অসুস্থতার কারণে রাতে ফোন রিসিভ করতে পারেননি তিনি। তবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভেজাল কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।