ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ও ৩৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে শনিবার রাতে আশুলিয়ার চারালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে গৃহকর্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার চারালপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আলিফ ইসলাম (২০), একই এলাকার সোহেলের ছেলে মো. রমজান (১৯), আইজ উদ্দিনের ছেলে মো. আ. মজিদ (৩০), হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২৪), গাইবান্ধার পলাশবাড়ী থানার ধানকুনিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. নাহিদ ইসলাম (১৯), টাঙ্গাইলের ঘাটাইল থানার নলমা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আসাদ তালুকদার (২৬), খুলনার পাইকগাছা থানার কানাখালী এলাকার প্রকাশ মন্ডলের ছেলে শ্রী শাওন মন্ডল (২০) এবং কুষ্টিয়ার কুমারখালী থানার তেবারিয়া এলাকার মো. রহিদ (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চারালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা এবং ৩৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধার করা ১০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা এবং ৩৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য প্রায় ৪৫ হাজার ৬০০ টাকা। সে হিসাবে উদ্ধার করা মাদকের মোট আনুমানিক মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার মো. রমজানের বিরুদ্ধে আগে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া আশিকুল ইসলাম আসিফের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্য ধারায় আরও একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনেও পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।