ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর পারভেজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের একটি পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক কলহে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার বাবা
পরিবার জানায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ছয় হাজার টাকা নিয়ে বের হওয়ার পর পারভেজ আর ফিরে আসেনি। ওই দিন মায়ের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা শারীরিক চিহ্ন দেখে এটি পারভেজের বলে শনাক্ত করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।