নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে বিষজাতীয় তরল পদার্থ (হারপিক) পান করে এক মা ও তার পাঁচ বছর বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছরের এক শিশুপুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উর্মি (২২) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মিম।
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, নারীর মৃত্যু
পুলিশ জানায়, স্বামী মিলন মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে উর্মি বাসা থেকে দুই সন্তানকে নিয়ে বের হয়ে যান। পরে আনন্দী এলাকায় গিয়ে তিনি হারপিক পান করেন এবং দুই সন্তানকেও তা পান করান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মেয়ে মিমের মৃত্যু হয়। ছেলে আবির হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নিহত উর্মির মা নার্গিস বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে শিশুদের বাবা মিলন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাধবদী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।