বগুড়ার শিবগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধাকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়ি, আহত হন প্রতিমন্ত্রী ও চালক
বগুড়ার শিবগঞ্জে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল, পৌঁছালেন বেনাপোলে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে ফিরোজা (৬০) নামের এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির দিক পরিবর্তন করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে নিচু ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও তার চালক সামান্য আহত হন। গাড়িতে থাকা প্রতিমন্ত্রীর স্ত্রী অক্ষত ছিলেন। তবে আহত বৃদ্ধা ফিরোজাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করে। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।