বগুড়ায় স্কুলবাস খাদে, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর; আহত ১০
প্রতিবেদকের নাম
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
৩২
সময়
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস খাদে পড়ে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারসহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী এবং সদরের খামারকান্দি পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের মেয়ে। স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন জানান, বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরেই সোহা নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের পাশের ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।