স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। গতকাল জারি করা এই প্রজ্ঞাপনটি আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের কথা জানান এবং নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট যা-ই থাকুক, বিদায়ী রাষ্ট্রপতি সবসময় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা দেখিয়ে এসেছেন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সূচি অনুযায়ী তার ফিরতি টিকিট ছিল ২৬ জুলাই, তবে পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দুই দিন আগেই দেশে ফেরেন।
সাহাবুদ্দিন ২০২৩ সালে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তার পদত্যাগের দাবি উঠেছিল এবং এ নিয়ে বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাও ঘটেছিল। তবে এরপর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।