ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে আকস্মিক এই বড় রদবদলের সুনির্দিষ্ট কারণ জেলেনস্কি স্পষ্ট করেননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ সভিরিদেনকোর পদত্যাগের প্রস্তাব পার্লামেন্টে পাস হলেও দেশটির কয়েকজন আইনপ্রণেতা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। বিদায়ী ভাষণে সভিরিদেনকো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও জোরালো পদক্ষেপের দাবি রেখেছিল। তিনি পাওয়া বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এ জন্য নতুন মুখের প্রয়োজন। বড় ধরনের দুর্নীতির মামলা প্রকাশ্যে আসার পর এক বছর আগে সভিরিদেনকোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে দুর্নীতি দমন ও প্রশাসনিক শুদ্ধি অভিযানে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তিনি সমালোচনার মুখে ছিলেন। সাংবিধানিক বিধান অনুযায়ী তার পদত্যাগের ফলে পুরো সরকারের পদত্যাগ নিশ্চিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর দৌড়ে নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কি এগিয়ে আছেন বলে আইনপ্রণেতারা জানিয়েছেন।