যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। রোববার মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের এরোস্পেস ফোর্স ওই ঘাঁটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানি বাহিনীর দাবি, হামলায় ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। আইআরজিসি একে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে “বিধ্বংসী জবাবের প্রথম ধাপ” হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি, যোগাযোগ অবকাঠামো এবং সামরিক স্থাপনায় নতুন দফা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। ইরান দাবি করেছে, কয়েকটি জাহাজ অনুমোদনহীন নৌপথে চলাচলের চেষ্টা করায় তাদের প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।