মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দুটি বিলাসবহুল আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন ওই বাড়িগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। অবৈধ অভিবাসীদের অস্থায়ী ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহারের অভিযোগে ওই দুটি বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস পাওয়া গেছে। এ ছাড়া দুই নারী আগে অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত ছিলেন। তাঁরা অননুমোদিত উপায়ে আবারও মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বলে তদন্তে উঠে এসেছে। বাকি ব্যক্তিদের কাছে বৈধ পাস বা ভ্রমণসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
অভিবাসন বিভাগের তথ্যমতে, কয়েক মাস ধরে বিলাসবহুল ওই বাড়িগুলো অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বিদেশিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পরে সেখান থেকে তাঁদের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতো। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।