রাজধানীর শেরেবাংলা নগর এলাকার লেক রোডে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। সনাতন পদ্ধতির পরিবর্তে এখন তথ্যনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে কৌশলগত ডাইভারশন চালু ও অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করায় যানজট অনেকটা কমেছে বলেও জানান তিনি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে গতিসীমা লঙ্ঘন, ঝুঁকিপূর্ণ লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। কমান্ড সেন্টারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা রুজু করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাও এই স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।