আশুলিয়ায় পৃথক অভিযানে দুই কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মা/দক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
বুধবার ২৪ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকার হোসনে আরা বেগম, আউকপাড়া এলাকার মো. শফিউল ওরফে শাফি, ভোলার তজুমদ্দিন উপজেলার মো. রাশেদ এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আরিফ হোসেন। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে আরমান মার্কেট এলাকা থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।