পাওনা টাকা আদায়ে গিয়ে নরসিংদী থেকে নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের মো. নুরুজ্জামান (৩৯) নামে এক যুবক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ থেকে নিজ পাওনা সাড়ে ৩ লাখ টাকা আদায়ের জন্য নরসিংদীর ব্রাহ্মণদিতে যাওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নুরুজ্জামান নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া সম বাড়িয়া বাজার এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. শহীদ মিয়ার (৭০) ছেলে।
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার জন্য খাবার নিয়ে ছুটে এলো মেয়ে
নুরুজ্জামানের বাবা শহীদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ছেলে তাঁর বন্ধু বাপ্পি (৩৯)কে ফোন করে সাড়ে ৩ লাখ টাকা ফেরত পাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, নুরুজ্জামান জেনারেটরের ব্যবসা করতেন। ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্যই তিনি নরসিংদীর ব্রাহ্মণদিতে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে সাদা পাঞ্জাবি ছিল।
সন্তানের খোঁজ না পেয়ে পরিবার নারায়ণগঞ্জের বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থল নরসিংদী হওয়ায় সেখানকার থানায় অভিযোগ করতে গেলে তারা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে বন্দর থানায় জিডি করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, যেহেতু ঘটনাস্থল নরসিংদী, তাই সেখানকার থানাই বিষয়টি তদন্ত করবে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, এ বিষয়ে বন্দর থানা থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
নিখোঁজ নুরুজ্জামানের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।